নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সরকার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে যাচ্ছে। এটি সরকারের একটি ভালো উদ্যোগ। এতে আলাদা করে পরীক্ষা নিয়ে একটি দীর্ঘ নিয়োগ–প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। নিয়োগ–প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সময় বাঁচবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের জন্য বর্তমান সরকারে কর্মরত বিভাগীয় প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণেরও একটি নির্দিষ্ট কোটা থাকে। যেমন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য শিক্ষকদের ৫০ শতাংশ কোটা থাকে। এসব পদে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং নির্দিষ্ট কোটা সংরক্ষণ করা উচিত। প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছেলেমেয়েরা শিক্ষক হিসেবে যোগদান করছেন। তাঁদের মনে একটি উচ্চাকাঙ্ক্ষা থাকে এসব নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উচ্চতর পদে যাওয়ার। এ ক্ষেত্রে তাঁরা যদি সুযোগটি না পান, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ও উচ্চশিক্ষিত ছেলেমেয়ের যোগদান কমে যাবে এবং বিদ্যালয়গুলো মেধাবী শিক্ষক পাবে না। তা ছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে যাঁরা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন, তাঁদের পুরো চাকরিকালে প্রধান শিক্ষক হিসেবে থাকতে হয়। সে ক্ষেত্রে প্রধান শিক্ষকদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা উচিত। তাই পিএসসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভাগীয় প্রার্থীদের স্বার্থের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রচলিত নিয়মানুযায়ী তাঁদের কোটাটি সংরক্ষণের জন্য অনুরোধ জানাচ্ছি।

মো. শহিদুল হক

প্রধান শিক্ষক, মেহেরপুর।