নিয়োগে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে চাকরিতে যেকোনো পদে নিয়োগে অনিয়ম আর দুর্নীতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। সর্বনিম্ন পদ থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত যেকোনো পদ, বিশেষ করে নন-টেকনিক্যাল পদগুলোতে প্রতিটি পদের বিপরীতে কয়েক ডজন প্রার্থী থাকায় সেসব ক্ষেত্রে টাকার বিনিময়ে নিয়োগ অনেকটা প্রকাশ্য রূপ ধারণ করেছে।
সাধারণ ঘরের বেকার সন্তানদের পক্ষে বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে এসব চাকরি পাওয়া প্রায় অসম্ভব । ফলে বঞ্চিত এসব প্রার্থী চরম দুঃখ, ক্ষোভ আর হতাশায় ভোগেন, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। সরকারি কর্মকমিশন (পিএসসি) কর্তৃক আয়োজিত বিসিএস ক্যাডার সার্ভিসে চাকরির জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যেসব প্রার্থী পদস্বল্পতার কারণে সরকারি ‘ক্যাডার’ পদে নিয়োগপ্রাপ্তিতে বঞ্চিত হন, এ ধরনের মেধাবী প্রার্থীদের ‘নন-ক্যাডার’ কর্মকর্তা পদে নিয়োগের ব্যাপারে কয়েক বছর আগে একটি বাস্তব ও যথোপযোগী সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরের সীমাহীন অবহেলা আর অসহযোগিতার কারণে তাঁদের নিয়োগ দেওয়া যাচ্ছে না।
প্রয়োজনে জাতীয় বেতন স্কেলের ১০-২০তম গ্রেডভুক্ত পদগুলোতে নিয়োগের জন্য পৃথক কর্মকমিশন গঠন করা যেতে পারে। ওই কর্মকমিশন যেকোনো স্থায়ী, বদলিযোগ্য ও জাতীয় বেতন স্কেলভুক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়মানুযায়ী যাবতীয় প্রক্রিয়া অনুসরণ ও চাহিদার আলোকে মাঝেমধ্যে কয়েকটি ক্যাটাগরিভিত্তিক নিয়োগ প্যানেল প্রস্তুত করবে। ওই প্যানেলভুক্ত প্রার্থী তালিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান বাধ্যতামূলক করা হলে বর্তমানে প্রচলিত ভয়াবহ নিয়োগ দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আমাদের ধারণা।
শহীদুল আযম, মিরপুর, ঢাকা।