চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দীর্ঘদিন চাকরিতে যোগদান করতে না পেরে চরম হতাশায় দিন কাটছে ৩৪তম বিসিএস থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের। নয় মাস হয়ে গেছে। অথচ এসব প্রার্থীর নিয়োগের গেজেট প্রকাশ হয়নি। চাকরিজীবন শুরুর আগেই এই দীর্ঘসূত্রতায় তাঁরা হতাশ। উল্লেখ্য, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০১৫ সালের ২৯ আগস্ট চূড়ান্ত ফলাফল (ক্যাডার ও নন–ক্যাডার) প্রকাশ করা হয়। তারপর ২০১৬ সালের ১৪ আগস্ট নন–ক্যাডার থেকে সহকারী শিক্ষক (সরকারি মাধ্যমিক বিদ্যালয়) পদে ৪৫০ জনকে সুপারিশ করে পিএসসি। এরপর প্রায় নয় মাস চলে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে বিবেচনা করলে চার বছর তিন মাস অতিক্রান্ত হয়েছে। বয়সের কারণে ৩৪তম বিসিএস যাঁদের শেষ বিসিএস ছিল, তঁাদের বয়স এখন ৩৫-এর ঘরে। এঁরাই সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন।
তারুণ্যের সেরা সময়টা যেখানে একজন সরকারি চাকরিতে দিতে পারতেন, সেখানে তাঁর সাড়ে চার বছর চলে যাচ্ছে পরীক্ষা, ফলাফল আর গেজেটে। অথচ তাঁরা দ্রুত নিয়োগ পাওয়ার আশা করেছিলেন। কেননা, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার পদ খালি আছে। এতে কিন্তু শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এটা অপচয়। দ্রুত এই অবস্থার অবসান হোক।
শওকত হোসেন
চট্টগ্রাম।