সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে মেডিকেল টেকনোলজিস্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। তাই ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট তৈরির কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় প্রতিবছর পাস করে বের হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু তাঁদের জন্য সরকারি-বেসরকারি পদ সৃষ্টি করা হয়নি। অপরদিকে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট তৈরির ক্ষেত্রে সরকারি পর্যায়ে ঢাকা, রাজশাহী, বগুড়া, বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে মোট নয়টি প্রতিষ্ঠান ও বেসরকারি পর্যায়ে ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকেও গড়ে ছয় থেকে সাত হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছেন। ফলে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট বেকারের সমস্যা ভয়াবহ হারে বেড়ে চলেছে। এ ছাড়া প্রায় দুই হাজার শূন্য পদ থাকলেও সরকার গত নয় বছরে নিয়োগ দেয়নি। এতে শিক্ষার্থী ও বেকারদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ২০১৩ সালে একবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা আইনি জটিলতায় ঝুলে আছে। এ ছাড়া বেসরকারি দ্য মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স ও সুইপার ছাড়া অন্য কোনো স্বাস্থ্য জনবল নিয়োগদানের বাধ্যবাধকতা নেই। ফলে তারা অদক্ষ লোক দিয়ে কাজ চালাচ্ছে আর দক্ষ লোকেরা বেকার।
আশীষ শীল, চট্টগ্রাম।