আমরা চাকরিপ্রার্থীরা বেকারত্বের অবসান ঘটানোর স্বপ্ন দেখি। মন চায়, মা-বাবার কষ্টের সংসারের হাল ধরি। দীর্ঘ ছাত্রজীবনের ইতি টেনে স্বপ্ন দেখি নিজের পায়ে দাঁড়াবার। কষ্টের টাকায় চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করি। আবেদনের পর দীর্ঘ সময় পাড়ি দিয়ে নিয়োগ প্রক্রিয়ার যুদ্ধে অংশগ্রহণ করি। ভালো পরীক্ষা হলে কিংবা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আরও বেশি আশা জেগে ওঠে আমাদের মনে। কিন্তু হায়, সরকারি নিয়োগে দীর্ঘসূত্রতায় পড়ে আমাদের হাবুডুবু খেতে হয়। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান একের পর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত ফলাফল বা নিয়োগ কোনোটাই না দিয়ে নিয়োগ স্থগিত করে রাখে। কিন্তু এটা কেন? বিশেষ করে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন, বিসিকসহ আরও অনেক প্রতিষ্ঠানে এমন নজির দেখা যাচ্ছে। এতে করে সরকারি প্রতিষ্ঠানে জনবল ঘাটতি দীর্ঘায়িত হচ্ছে এবং বেকারত্বের দুঃসময় দীর্ঘায়িত হচ্ছে। আশা করি, সরকারপ্রধান ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সরকারি নিয়োগে দীর্ঘসূত্রতা দূর করার পদক্ষেপ নেবে।
রায়হান আলম
পীরগঞ্জ, রংপুর।