চাকরির বিধান অনুসারে কর্তৃপক্ষ যেখানে পোস্টিং দেবে, কর্মকর্তা-কর্মচারীকে তা মেনে সেখানেই চাকরি করতে হবে। তবে এ বিধানটির প্রয়োগ কেবল দুর্বল ও ভদ্রদের জন্য। প্রায় সব কর্মক্ষেত্রে একটি সুবিধাভোগী ও দুর্নীতিবাজ চক্র আছে, যাঁরা কর্মজীবনের অধিকাংশ সময় বড় কর্মকর্তাদের সান্নিধ্যে বা আশপাশে থাকেন। তাঁরা নিজেরা তো ব্যক্তি সুবিধা নেনই, উপরন্তু অন্যদের জীবনেও নানা ব্যাঘাত সৃষ্টি করেন। চাকরি জীবনে যাঁরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে বিভিন্ন কর্মস্থলে-স্টেশনে চাকরি করেছেন, তাঁরা ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে কখনো কাঙ্ক্ষিত স্টেশনে বদলির আবেদন করলেও সেটা অনেক সময় জায়গামতো পৌঁছায় না।
কর্মজীবনের শেষ প্রান্তে অবসর প্রস্তুতি ছুটির এক বছর আগে একজন কর্মকর্তার পছন্দমতো স্থানে পোস্টিং পাওয়ার বিধান আছে। মানবিকতার খাতিরে ও বাস্তবতার আলোকে বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এ বিধানটি প্রতিপালিত হয় না। কর্মজীবনের শেষ প্রান্তে একজন মানুষ তো এটুকু চাইতেই পারেন।
নীলিমা আহমেদ, ফরিদপুর।