নোয়াখালী বাংলাদেশের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন সেখান থেকে হাজার হাজার লোককে বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করতে হয়। আর এই যাতায়াতের উল্লেখযোগ্য মাধ্যম হলো উপকূল আন্তনগর ট্রেন।
ঢাকা থেকে নোয়াখালী চলাচলরত উপকূল ট্রেনটি সকাল সাতটায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে আবার বিকেল চারটায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। একদিকে সকালে ট্রেনটি নোয়াখালী থেকে ছেড়ে আসায় রেলস্টেশন থেকে দুই মাইল এবং অধিক দূরত্বের যাত্রীরা এত ভোরে ট্রেন ধরার জন্য যানবাহন পেতে খুবই সমস্যায় পড়েন। ফলে যাত্রীদের ট্রেন ধরা অত্যন্ত কষ্টসাধ্য হয়।
আবার বিকেল চারটায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে নোয়াখালী জেলার প্রথম রেলস্টেশন সোনাইমুড়ী আসে রাত সাড়ে ১০টায় অথবা রাত ১১টায়। নোয়াখালী সোনাপুর রেলস্টেশনে পৌঁছে রাত ১২টায়, আবার কোনো দিন রাত সাড়ে ১২টায়।
এই অবস্থায় ট্রেনটির সূচি কিছুটা পরিবর্তন করা যায় কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ভেবে দেখার অনুরোধ করছি।
মো. নুরুল ইসলাম, নোয়াখালী।