পঞ্জিকার সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকা বাঙালি ঐতিহ্যের একটি স্মারক। এককালে বাঙালি হিন্দু-মুসলমান প্রত্যেকের পরিবারে পঞ্জিকার প্রয়োজন ছিল। বিশেষ করে গ্রামাঞ্চলে আমজনতার মধ্যে এর প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। অর্ধশত বছর ধরে, বিশেষ করে স্বাধীনতার পর দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারের জন্য বার্ষিক ক্যালেন্ডারের ব্যাপক প্রসার হয়েছে। ফলে মানুষের জীবনে পঞ্জিকার প্রয়োজনীয়তা অনেক কমে গেছে।
আমাদের দেশের হিন্দু-মুসলমান সবার ধর্মীয় ও সামাজিক উৎসব উদ্যাপনের জন্য বাংলা সন-তারিখ ও চান্দ্রমাসের সঠিক তারিখ জানার প্রয়োজন হয়, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারগুলোতে পাওয়া যায় না। মুসলমানদের রমজান মাস, ঈদ, শবে বরাত প্রভৃতি উৎসব চান্দ্রমাসের ওপর নির্ভরশীল হওয়ায় পঞ্জিকার সাহায্য নিতে হয়। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে যাঁদের ধারণা রয়েছে, তাঁরা পঞ্জিকায় বর্ণিত চাঁদের অবস্থান, অমাবস্যা, পূর্ণিমা, চাঁদের গতিপথের বিভিন্ন অবস্থান ও সময়ের ধরন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। বর্তমানে যদিও সরকার গঠিত চাঁদ দেখা কমিটি রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা এ দুটি উৎসবের সঠিক তারিখ নির্ণয় করে। কিন্তু আরও অনেক পালনীয় পবিত্র অনুষ্ঠান যেমন আশুরা, শবে বরাত, শবে িমরাজ প্রভৃতির সঠিক দিন ও ক্ষণ নির্ণয়ের জন্য পঞ্জিকার সাহায্য নেওয়া হয়।
পঞ্জিকা এ দেশের ঐতিহ্য। তবে দুঃখের বিষয় হচ্ছে, গত ১০০ বছরে এর কাগজ, ছাপা, অবয়ব ও আঙ্গিকের কোনো পরিবর্তন হয়নি। আশা করি, ভবিষ্যতে পঞ্জিকার প্রকাশকেরা এই অপরিহার্য প্রকাশনাকে আরও আধুনিক ধাঁচে প্রকাশ করবেন। তাঁরা পঞ্জিকায় আরও উপাদান সংযুক্ত করে একে একুশ শতকের উপযুক্ত করে গ্রাহকের কাছে আকর্ষণীয়ভাবে প্রকাশ করবেন, সে প্রত্যাশা করি।
শাহ আবদুল মুসাব্বির, ঢাকা।