পণ্যমূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে, দৃশ্যমান উন্নতি হয়েছে—এ কথা অনস্বীকার্য। কিন্তু দেশের এই গতিশীলতার সঙ্গে জনগণের তাল মেলানোর ব্যাপারটাও খেয়াল রাখা দরকার।
গ্যাস-তেলের দাম বাড়ানোর মতো পরিস্থিতি না থাকলেও হুট করেই দাম বাড়ানো হলো। অথচ বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ পড়ে গেছে। তার সঙ্গে সংগতি রেখে ভারতেও তেলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ানো হয়, অথচ দাম কমলে তা কমানো হয় না—এটা কেমন কথা?
অন্যান্য পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যায়। মসলা, সাবান থেকে শুরু করে পানীয় পর্যন্ত সব ক্ষেত্রেই একই অবস্থা দেখা যায়। এ ধরনের মূল্যবৃদ্ধির একটা ন্যূনতম নীতিমালা থাকা দরকার। কেন এই দাম বাড়ানো, তার কারণ জনগণকে জানানো উচিত। যতই মুক্তবাজারের দোহাই দেওয়া হোক না কেন, ক্রেতার স্বার্থ ক্ষুণ্ন করা যাবে না। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষসহ পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।
কথা হচ্ছে, অতিবৃষ্টির কারণে বাজারে সবজির দামও আকাশছোঁয়া। তার সঙ্গে সরকারের পে–স্কেল ঘোষণা ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর কারণে পণ্য ও সেবার মূল্য আবারও একদফা বাড়বে। কিন্তু সেই ভার সওয়ার ক্ষমতা কি জনগণের আছে?
বশীর আহমদ চৌধুরী, আইনজীবী, ফরিদপুর।