পথচারীর বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা আশা করেছিলাম, ঢাকা মহানগরকে দুটি করপোরেশনে বিভক্ত করার ফলে রাজধানীবাসীর সুযোগ-সুবিধা বাড়বে। কিন্তু বাস্তবতা হলো, হা–হতোস্মি—পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মাস দুয়েক আগে প্রাতর্ভ্রমণের উদ্দেেশ্য সকাল ছয়টায় বাসা থেকে বেরিয়ে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছিলাম। এগোতেই দেখি, ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে জনৈক পথচারী ছিনতাইয়ের কবলে পড়েছেন। আমি চিৎকার করে দ্রুত কাছেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রহরারত পুলিশকে সিসি ক্যামেরায় গাড়িটিকে চিহ্নিত করার অনুরোধ করি। তিনি আমাকে বললেন, সিসি ক্যামেরার মনিটররা নয়টার সময় কাজে যোগ দেবেন। এরপর আমি মন্ত্রীর বাসায় যেতেই আমাকে বলা হলো, এটা তাঁদের কাজ নয়, পাশের ৬ নম্বর সড়কে থানায় জানাতে হবে। তথাস্তু। ওসি সাহেব আমাকে ধন্যবাদ জানিয়ে যথাযথ (?) ব্যবস্থা গ্রহণের কথা বললেন। উল্লেখ্য, এ রকম ছিনতাই এ এলাকায় প্রায়ই হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ঠিক পাশেই একটি সুরম্য বহুতল ভবনের নিচতলায় যমুনা ব্যাংকের একটি শাখা অফিস আছে। একদিন দেখি, তার ঠিক সামনে দুটি দামি গাড়ি পাশাপাশি পুরো ফুটপাত দখল করে পার্ক করা। পাশেই কর্মরত ট্রাফিক কনস্টেবলকে ঘটনা জানাতেই তিনি গাড়ির কাছে যান, কিন্তু ভূত দেখার মতো ভয় পেয়ে দৌড়ে ফিরে এসে বললেন, ‘দেখছেন না, স্যার, গাড়িতে পতাকা লাগানো (ঢাকনা দেওয়া), আমি গরিব কনস্টেবল, চাকরি চলে যাবে!’
আমি সব সময় ফুটপাতে মোটরবাইক চলাচলের তীব্রভাবে প্রতিবাদ করে তৎক্ষণাৎ চালককে রাস্তায় নামতে বাধ্য করি। কিন্তু অবাক কাণ্ড! ফুটপাতে যান চলাচলের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রাফিক পুলিশকে কখনোই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে দেখিনি। এ রকম হাজারো বিড়ম্বনার মধ্য দিয়েই কাটছে আমাদের নাগরিক জীবন।
তবিবুল ইসলাম, নাট্যকর্মী, ধানমন্ডি, ঢাকা।