পথশিশুদের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বাজারে পেঁয়াজভর্তি ট্রাক আসে। সকালবেলা শ্রমিকেরা এগুলো খালাস করতে লেগে যান। এই কার্যক্রম চলাকালে যখন কোনো ছেঁড়া বস্তার ফাঁক গলে পাঁচ-ছয়টি পেঁয়াজ নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কয়েকজন শিশু এসে হাজির হয়ে যায় সেগুলো কুড়াতে। তাদের সারা দিন চলে যায় কাগজ কুড়ানোর প্রতিযোগিতা, ডাস্টবিনে এটা-সেটা ঘাঁটাঘাঁটিসহ বিভিন্ন কাজে। এরপর রাতে চলে নানা প্রকারের ভিক্ষাবৃত্তি। এভাবে এই পথশিশুরা হারিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতের রসাতলে, যা অত্যন্ত হতাশার এবং দুর্ভাগ্যজনক।
এই পথশিশুরা বিদ্যালয়ে যায় না, ফলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তারা অর্জন করতে পারে না। কিছু কিছু পথশিশু বিদ্যালয়ে ভর্তি হলেও প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিই পেরোতে পারে না। ফলে অক্ষরজ্ঞান শূন্যতার কারণে জীবনের প্রতিটি পদে তারা শুধু হোঁচট খায়। অন্যদিকে অনেক পথশিশুর অসাধারণ বুদ্ধিমত্তা, মেধা প্রতিনিয়ত বাতিলের খাতায় জমা হচ্ছে।
বেশির ভাগ ক্ষেত্রে এই পথশিশুদের অভিভাবকেরা থাকেন উদাসীন এবং নিরক্ষর। সে কারণে অনেক ক্ষেত্রে তাঁরা সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর পরিবর্তে গৃহস্থালির কাজে লাগিয়ে দেন। শিশুশ্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাস্তাঘাটে অনেক শিশুকেই রিকশার ড্রাইভার কিংবা গাড়ির হেলপার হিসেবে দেখা যায়।
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এরাই হবে দেশের বিভিন্ন সেক্টরের কান্ডারি। দেশকে সামনের দিকে তারাই নিয়ে যাবে। কিন্তু পথশিশুদের জন্য কি রাষ্ট্রের কিছু করণীয় নেই?
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।