পথের খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথখাবার বিক্রেতাদের নির্দিষ্ট কিছু নিয়ম মানাতেই হবে
পথখাবার বিক্রেতাদের নির্দিষ্ট কিছু নিয়ম মানাতেই হবে

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণার ফলাফলে রাজধানী ঢাকার জনস্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা পাওয়া গেল। এই মহানগরের বিভিন্ন পথের পাশে যেসব খাবার বিক্রি হয়, তার ৫৫ শতাংশে জীবাণু থাকে। যাঁরা এসব খাবার তৈরি ও বিক্রি করেন, তাঁদের ৮৮ শতাংশেরই হাতে থাকে জীবাণু। সন্দেহ নেই, যে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এসব খাবার খায়, তারা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
তবে এই পরিস্থিতির উত্তরণ অবশ্যই সম্ভব। প্রথমত, পথখাবারের বিক্রেতা ও ভোক্তা উভয় পক্ষের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে, নিরাপদ পানি ব্যবহার, হাতে গ্লাভস পরাসহ পরিচ্ছন্নতার প্রাথমিক নিয়মগুলো মেনে চললে খাবার দূষিত ও জীবাণুযুক্ত হওয়ার ঝুঁকি বেশ কমে যায়।

পথখাবার বিক্রেতারা যাতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন, সে জন্য ব্যাপকভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই জরুরি। ঢাকার রাস্তাঘাটের দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
বিভিন্ন জায়গা থেকে দৈনিক লাখ লাখ মানুষ এ শহরে আসে। তারা ঢাকায় এসে এসব খাবারই খেয়ে থাকে। ফলে তাদেরও নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। সে কারণে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
অমিত বণিক
কটিয়াদী, কিশোরগঞ্জ।