ঢাকার দক্ষিণে জুরাইন। একসময় এ এলাকার জনসংখ্যা কম থাকলেও কালক্রমে তা বেড়েছে। উন্নত জীবনযাপনের চাহিদাও সে অনুসারে বেড়েছে।
জুরাইনের মানুষের অনেক দিনের স্বপ্ন ছিল একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চবিদ্যালয় এই এলাকার মানুষের অনেক দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। বিদ্যালয়টি এই এলাকার মানুষের স্বপ্নের বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পার হতে হয় ঢাকা-নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়ক, যা খুবই বিপজ্জনক। বড় দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে একটি পদচারী সেতু তৈরি করা খুবই প্রয়োজন।
আমাদের দেশে ‘চোর পালালেই বুদ্ধি বাড়ে’, অর্থাৎ বিপদ ঘটার পর ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন, কোনো শিক্ষার্থীর মৃত্যুর পরে নয়, আসন্ন বিপদের আশঙ্কা এড়ানোর জন্য এখনই পদচারী সেতু নির্মাণ খুব জরুরি।
শাকিলা নাছরিন, জুরাইন, ঢাকা।