বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের মধ্যে যাঁরা বিভিন্ন পেশায় কর্মরত আছেন, তাঁদের জন্য সরকার কর্তৃক সুনির্দিষ্ট নীতিমালাসহ পদোন্নতির ব্যবস্থা রয়েছে। কিন্তু লাইব্রেরিয়ান পদটি কোথাও প্রথম শ্রেণির, কোথাও দ্বিতীয় শ্রেণির, আবার কোথাও তৃতীয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে এবং সরকারি লাইব্রেরিয়ান/ক্যাটালগার পদটির অবস্থান কোথাও দ্বিতীয় শ্রেণির, আবার কোথাও তৃতীয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে।
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবং শিক্ষা মন্ত্রণালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পদমর্যাদায় দ্বিতীয় শ্রেণির, যার বেতনস্কেল আট হাজার টাকা। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত গ্রন্থাগার পেশাজীবীরা পদোন্নতি ও বেতনস্কেলের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার পদটিকে দ্বিতীয় শ্রেণির ও লাইব্রেরিয়ান পদটিকে প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করাসহ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থাসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার অনুরোধ জানাচ্ছি।
মো. আবদুল্লাহ আল হাদী, ময়মনসিংহ।