শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষা সব শিক্ষার মূল ভিত্তি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে শ্রেণির পাঠদানের পাশাপাশি বিভাগবহির্ভূত অনেক কাজ করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ‘প্রাথমিক পরিবার’কে জাতীয়করণ করেছেন। এটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদায় উন্নীত করেছেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের এসিআর জমা নিয়েছে। এ ছাড়া সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের উপজেলা শিক্ষা অফিসার; উপজেলা শিক্ষা অফিসারদের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সহকারী পরিচালক—এমনিভাবে উচ্চতর পদে পদায়ন করা হলেও প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি দিতে কার্পণ্য কেন?
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে যথেষ্ট উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।
সুলতানা পারভীন, সিরাজগঞ্জ।