দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে আকাশ-পাতাল অর্থনৈতিক ও উন্নয়ন বৈষম্য রয়েছে। এ উন্নয়ন বৈষম্যের অন্যতম প্রধান কারণ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতি দুর্বল যোগাযোগ অবকাঠামো। ফলে চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা থেকে পিছিয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা (খুলনা, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো)।
শুধু পদ্মা সেতু হলেই এ বৈষম্যের অবসান হবে না। এর সঙ্গে যদি হরিণা ফেরিঘাট দিয়ে চাঁদপুর ও শরীয়তপুরের মধ্যে পদ্মা-মেঘনা বহুমুখী সেতু বা টানেল নির্মাণ করা হয়, তাহলে এ বৈষম্য উল্লেখযোগ্য হারে কমবে। বর্তমানে খুলনা অঞ্চল থেকে চট্টগ্রাম যেতে হয় ঢাকা হয়ে। এতে যেমন সময় লাগে অনেক, তেমনি যাতায়াত ব্যয়ও হয় অনেক বেশি। এই সেতু বা টানেল নির্মাণ করা হলে সময় ও যাতায়াত ব্যয় অর্ধেক কমে যাবে। পদ্মা সেতু চালু হলে শুধু ভ্রমণকাল এক ঘণ্টা কমবে, কিন্তু পরিবহন ব্যয় একই থাকবে। আবার সেতুটি চালু হলে চট্টগ্রাম-খুলনা পথের যানবাহনগুলোও এ পথে চলাচল করবে, ফলে পদ্মা সেতুর ওপর প্রচণ্ড চাপ পড়বে। সেতুর দুই পাড়ে সৃষ্টি হবে দীর্ঘ যানজট।
সে কারণে পদ্মা-মেঘনা বহুমুখী সেতু বা টানেল নির্মাণ সম্পন্ন হলে দেশের ৩৬টি জেলার মধ্যে গড়ে উঠবে সড়ক ও রেল যোগাযোগের অবিচ্ছিন্ন নেটওয়ার্ক। খুলে যাবে দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট কোটি মানুষের অবাধ যাতায়াতের দ্বার। রাষ্ট্রের যোগাযোগ অবকাঠামো পূর্ণতা পাবে। দূর হবে বৈষম্য।
এম এ শাহেনশাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।