সামনে পবিত্র রমজান মাস। প্রতিবছর রমজান মাস এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। এতে সংযমের পবিত্র মাসটিও দেশের মানুষকে মহাসংকটে কাটাতে হয়।
দেশের প্রচলিত আইনকানুন তোয়াক্কা না করে তারা খাদ্যপণ্য অবৈধভাবে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের পকেট কাটছে।
আবার রোজার সময় যেসব খাবার বাজারে পাওয়া যায়, তা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এসব খেয়ে আমাদের স্বাস্থ্যের কী অবস্থা দাঁড়াচ্ছে, সেটা দেখার কেউ নেই।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি এটা বৈধ? ধর্মবিশারদেরা এর কী ব্যাখ্যা দেবেন। কিন্তু ধার্মিক ব্যক্তি ও ধর্মশাস্ত্রে পণ্ডিত ব্যক্তিরাও যে এর বিরোধিতা করেন, তেমনটাও আমরা দেখিনি।
তাই স্বার্থপর ব্যবসায়ীরা যাতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য সারা দেশে ‘ন্যায্যমূল্য নিয়ন্ত্রণ সেল’ গঠন করা হোক।
পবিত্র রমজান মাসে খাদ্যের ভেজাল প্রতিরোধে ও ফুটপাতে অস্বাস্থ্যকর খাদ্যের দোকান উচ্ছেদে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফ মজুমদার
ঢাকা।