পবিত্র রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এর ওপর আছে ভয়াবহ যানজট। এবার রমজান মাস শুরু হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। রমজান মাসে দেখা যায় রাস্তাজুড়ে ইফতারির ভ্রাম্যমাণ দোকান, তা ছাড়া মানুষ সারাটা মাসই কেনাকাটায় ব্যস্ত থাকায় এই মাসজুড়েই থাকে ভয়ংকর যানজট।
গত কয়েক বছর থেকেই দেখা যাচ্ছে, এই বাস্তবতার কথা চিন্তা করে ও রোজাদারদের স্বস্তির জন্য স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পুরো রমজান মাসই ছুটি থাকে। এর ফলে জনগণ একটা বিরাট ঝামেলা এড়িয়ে ধর্মপালন এবং ইবাদত–বন্দেগিতে মনোনিবেশ করতে পারে। এখন এই বছরের প্রথম তিন মাস হরতাল–অবরোধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটির দিনেও ক্লাস নিয়েছে। তা ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই গরমের ছুটি বাতিল বা ছুটি কমিয়ে ক্লাস নিয়েছে।
যতই অতিরিক্ত ক্লাস নেওয়া হোক না কেন, ছাত্রছাত্রীদের ক্ষতি পোষানো হয়তো সম্ভব নয়। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে, পুরো রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।