এক গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরের শতকরা ৭০ ভাগ মানুষের নিজস্ব বাহন নেই। এত বিশালসংখ্যক মানুষ চলাচলের জন্য পাবলিক সার্ভিসের ওপর নির্ভরশীল। এই অবস্থায় বাস, ট্যাক্সিক্যাব, সিএনজি অটোরিকশা, লেগুনা এমনকি রিকশাচালক পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে চেপে বসে। ঢাকা শহরে সিটিং সার্ভিস নামে যেসব বাস চলাচল করে, তা বিশেষ সেবা না দিলেও অতিরিক্ত ভাড়া আদায়ে সিদ্ধহস্ত। কিসের ভিত্তিতে যানবাহনের ফিটনেস সনদ দেওয়া হয়, তা দৃশ্যমান নয়।
ময়লা পরিবেশে, ভ্যাপসা গরমে যাত্রীদের সেদ্ধ হওয়ার উপক্রম ঘটে। বেশির ভাগ ক্ষেত্রে বিআরটিএর বেঁধে দেওয়া ভাড়া মানা হয় না। সীমিত পরিসরে ট্যাক্সিক্যাব ও সিএনজি অটোরিকশায় মিটার থাকলেও তা যথেষ্ট নয়।
‘পরিবহন স্মার্ট কার্ড’ চালু করে এ সমস্যার সমাধান করা যায়। যন্ত্র স্থাপন করে পরিবহনের শ্রেণি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভাড়া আদায় করা সম্ভব। এতে করে দরদাম এমনকি নগদ টাকা লেনদেনের প্রয়োজন হবে না। এতে মানুষ যতটা পথ ভ্রমণ করবে, তার জন্যই ভাড়া দিতে পারবে। তাদের আর বাড়তি ভাড়া গুনতে হবে না। এই ব্যবস্থা করা হলে পরিবহন মালিকেরাও আরেক দিক থেকে লাভবান হবেন। কারণ, পরিবহনশ্রমিকদের দৌরাত্ম্যের কারণে মালিকেরাও কখনো কখনো অসহায় হয়ে পড়েন।
ফরহাদ হোসেন, ঢাকা।