পরিবেশ মানবজাতির জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান। কিন্তু দুঃখজনকভাবে পরিবেশদূষণ ক্রমাগত বেড়েই চলেছে, যা বিশ্বের জন্য হুমকিস্বরূপ। পরিবেশদূষণের ফলে গোটা বিশ্ব আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিস্তীর্ণ সাগর-মহাসাগরের জলে এর প্রতিক্রিয়া ঘনিয়ে তুলেছে নানা বিপদ। অব্যবহৃত বর্জ্য দূষিত করছে বিরাট বিশ্বের মুক্ত বায়ু। তাই পৃথিবীর জীববৈচিত্র্য আজ মারাত্মক হুমকির সম্মুখীন।
পৃথিবীর হাজার হাজার প্রজাতির কীটপতঙ্গ, জীবজন্তু, পশুপাখি ও গাছপালা বিলুপ্তির পথে। বাংলাদেশও এই পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব থেকে মুক্ত নয়। বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের উপকূলের বিস্তীর্ণ এলাকা সমুদ্রে বিলীন হয়ে যাবে। তাই বিশ্ববাসীকে আজ এই সমস্যা সমাধানে সোচ্চার হতে হবে। পরিবেশদূষণ বন্ধ করতে হবে। প্রয়োজনে পরিবেশদূষণ–বিরোধী কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে। তবেই আমরা মানবজাতির জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারব।
তৌফিক আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।