রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও প্রশাসনিক ভবন সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে তালাবদ্ধ থাকার পর গত ২২ মার্চ উপাচার্য, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তা ভেঙে দেন। এরপর ক্লাসও শুরু হয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা কবে হবে, তা এখনো অনিশ্চিত। ফলে আবেদনকৃত ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারছেন না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল ২৭ জন শিক্ষকের পদোন্নতিসংক্রান্ত আর্থিক সুবিধা নিয়ে। পরবর্তীকালে কর্মচারীদের একাংশ এ আন্দোলনে যোগ দেয়। একপর্যায়ে তা উপাচার্যকে অপসারণের এক দফা আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষক ও ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এরপর পদোন্নতিপ্রাপ্তরা নতুন দাবি পেশ করলে তা গৃহীত না হওয়ায় গত ৯ নভেম্বর ডিন, বিভাগীয় প্রধানসহ আন্দোলনকারী ১০ জন শিক্ষক ভর্তিসংশ্লিষ্ট ১৯টি পদ থেকে পদত্যাগ করেন। এতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে যায়।
পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়ে এভাবে আন্দোলন করা খুব কাজের কথা নয়। পদোন্নতি ও বদলি নিয়ম অনুসারে স্বাভাবিকভাবে হবে, এটাই রীতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ আমরা প্রত্যাশা করি না। আর তাঁদের কাছে আবেদন, দয়া করে ঝুলে যাওয়া পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করুন।
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট।