পরীক্ষা না প্রহসন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। কিন্তু এটা কি পরীক্ষা, না প্রহসন? কারণ, প্রতিটি পরীক্ষায় পরিদর্শক ক্লাসে এসে বলতেন, ‘তোমরা শব্দ না করে যা ইচ্ছা করো।’ এরপর সবাই ইচ্ছেমতো একজন অন্যজনেরটা দেখে লিখত, বহুনির্বচনীতে সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর মিলিয়ে লিখত। ফলে এ-প্লাসের জন্য তাদের চিন্তা নেই।
কিন্তু আমি যেহেতু প্রতিটি বহুনির্বচনী প্রশ্নের উত্তর অন্যদের সঙ্গে মিলিয়ে সঠিক লিখিনি, তাই আমি জানি না আমার ফলাফল কী হবে। আমার এখনো মনে আছে। আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছিল। কিন্তু তারপরও আমি কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিলাম। কারণ, আমি দেখেছিলাম, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সবাই একজন আরেকজনের সঙ্গে প্রতিটি গ্রামার প্রশ্নের উত্তর মেলাচ্ছিল।
পরীক্ষার সময় আমার এক খালা আম্মুকে কল করে বলেছিলেন, তিনি নাকি ফেসবুকে দেখেছেন, এসএসসি পরীক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিচ্ছে। আমি এ কথা শুনে একটুও অবাক হইনি। বাংলাদেশের সব জায়গায় এভাবেই পরীক্ষা হয়। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষাতেও এমন দেখেছিলাম। তখনো খুব খারাপ লেগেছিল, কিন্তু ভেবেছিলাম এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এমন হবে না। কিন্তু এবার এসএসসি পরীক্ষায় আমার সে ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আমি চাই, এইচএসসিতে যেন এমন না হয়। সরকার কি আমার কথা শুনবে? না শুনলে কিন্তু দেশেরই ক্ষতি, সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলার দরকার নেই।
ফাতেমা তুজ জোহরা, ঢাকা।