বাংলাদেশে সাধারণত অক্টোবর মাস থেকে পর্যটন মাস শুরু হয়, যা চলে মার্চ-এপ্রিল পর্যন্ত। অর্থনৈতিক সম্ভাবনার আঁধার এই পর্যটনশিল্পকে নিয়ে সরকারের চিন্তা–ভাবনার প্রতিফলন দেখা যাবে—এই প্রত্যাশা আমাদের সবার। পর্যটকদের নিরাপত্তা, যাতায়াতব্যবস্থার উন্নয়ন ও আবাসনের সহজলভ্যতার নিশ্চয়তা থাকলে দেশীয় পর্যটকদের সঙ্গে বিদেশি পর্যটকদের আগমনও বাড়বে।
আমাদের দেশে দেখার মতো অনেক এলাকা আছে, যেমন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের অপূর্ব নৈসর্গিক এলাকা, সিলেটের চা–বাগান, জাফলংসহ আরও অনেক দর্শনীয় স্থান। এ বিষয়ে সরকারি-বেসরকারিভাবে যথেষ্ট প্রচার চালাতে হবে।
খুঁজলে হয়তো এ রকম আরও কিছু জায়গা পাওয়া যাবে। এগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করার ব্যবস্থা করতে হবে। বিশ্বের অনেক দেশ পর্যটনশিল্প থেকে প্রচুর আয় করে। আমাদের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন খাত আশানুরূপ সেবা দিতে পারছে না। মনে রাখতে হবে, আমাদের দেশে অধিকাংশ মানুষ নিম্ন–মধ্যবিত্ত, সুতরাং এই বিপুল জনগোষ্ঠীর চাহিদার প্রতি নজর দিলে পর্যটনশিল্পের প্রসার হবে।
মো. ইমতিয়াজুর রহমান, সাতক্ষীরা।