পর্যটনশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে পর্যটন মৌসুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে যাচ্ছেন পর্যটনকেন্দ্রে। প্রাণ ফিরে পাচ্ছে হোটেল, মোটেল, রিসোর্টগুলো। অজানাকে জানা ও অচেনাকে চেনা মানুষের চিরায়ত স্বভাব। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও জ্ঞানার্জনের নেশায় মানুষ ছুটে চলে অবিরাম। ভিড় করে দর্শনীয় স্থানগুলোতে।
বর্তমানে পর্যটনশিল্প অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের জিডিপির প্রায় ২ শতাংশ আসে পর্যটন খাত থেকে। তবে বিগত বেশ কয়েক বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ভুগতে হয়েছে এই শিল্পকে।
তা ছাড়া, অনুন্নত যোগাযোগ, অবকাঠামোগত অসুবিধা, পর্যটন স্পটে জিনিসপত্রের অগ্নিমূল্য ও নিরাপত্তা সমস্যা তো রয়েছেই। বাংলাদেশে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা থাকলেও এই খাতটি বরাবরই অবহেলিত।
সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। পর্যটন বর্ষ উপলক্ষে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ১০ লাখ বিদেশি পর্যটক আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ কিংবা সিঙ্গাপুরের মতো পর্যটনশিল্পের বিকাশ আমাদের অর্থনৈতিক অবস্থা পাল্টে দিতে পারে।
এতে বিনিয়োগের মন্দাভাবও কাটতে পারে। তবে প্রকৃত অর্থে এই খাতের বিকাশ ঘটাতে হলে প্রয়োজন হচ্ছে কৌশল নির্ধারণ করে কার্যকর উদ্যোগ গ্রহণ।
সেই সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত নজরদারি ও মনিটরিংয়ের ব্যবস্থা। ঠিকমতো দেখভাল করা হলে ভবিষ্যতে এই শিল্প পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে।
আবীর বসাক
কালিহাতী, টাঙ্গাইল।