বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে, বিভিন্ন দেশ বাংলাদেশের নদীর মূল্যবান পলিমাটি কেনার প্রস্তাব দিয়েছে এবং সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও তৎপরতা শুরু করেছে। কিন্তু পলি হলো একটা সারযুক্ত মাটি, যা নদীতীরবর্তী বা বিভিন্ন স্থান থেকে বর্ষার পানির সঙ্গে (প্রবাহিত আবর্জনা বা বর্জ্য) তরল পানিতে মিশে নদীতে একটা আস্তরণ সৃষ্টি করে এবং নদীর পানির স্রোতের সঙ্গে বিভিন্ন জমিতে ছড়িয়ে পড়ে। এতে জমিগুলোর উর্বরতা বৃদ্ধি পায়।
বাংলাদেশে বহুকাল আগে থেকেই নদীতে জমে থাকা পলিমাটি কেটে জমিতে দেওয়ার রেওয়াজ আছে। তাতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
এ ছাড়া পলিমাটি নদীর তীর সংরক্ষণ করে এবং ভূমিক্ষয় রোধ করে। মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় পলিমাটি। এ জন্য এ মাটি বাইরে রপ্তানির চিন্তা না করে দেশের জমিতে কাজে লাগানোই হবে উত্তম।
মো. রফিকুল ইসলাম
স্বদেশ ভবন, নওগাঁ।