পাঠাগার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উত্তর মগবিরা গুপ্তছড়া বাজার একটি বৃহৎ ও জনবহুল গ্রাম। এই গ্রামের লোকসংখ্যা প্রায় ২০ হাজার এবং গ্রামের পাশের আরও দুটি ইউনিয়নের ২০ হাজার লোক এই বাজারের অধিবাসী। এই গ্রামে একটি হাইস্কুল, দুটি প্রাইমারি স্কুল, দুটি মাদ্রাসা, একটি কিন্ডারগার্টেন, পাঁচটি এনজিও রয়েছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে কোনো পাঠাগার নেই। গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে উপজেলা সদরে দুটি পাঠাগার রয়েছে। এর মধ্যে একটি পাবলিক লাইব্রেরি, অন্যটি ব্যক্তিগত প্রতিষ্ঠান উত্তরণ পাঠাগার। এই গ্রাম এবং পূর্ব সন্দ্বীপের ছাত্রছাত্রী ও জনসাধারণের এত দূরে গিয়ে পাঠাগারে পড়াশোনা করা কোনোভাবেই সম্ভব নয়।
গ্রামের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত হওয়ার তাদের সন্তানদের সব বই-পত্রিকা কিনে দেওয়ার সামর্থ্য নেই (উল্লেখ্য, এখানে একটি নামসর্বস্ব পাঠাগার রয়েছে, যেখানে সব ছাত্রছাত্রীর যাওয়ার সুযোগও নেই এবং লোকজন যেতে চাইলেও খোলা থাকে না)। ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এই বাজারে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন।
তাই মাননীয় শিক্ষামন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে মফস্বলে/গ্রামের লোকজনকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে ভিশন ২০২১ বাস্তবায়ন করা সম্ভব। তাই উত্তর মগবিরায় একটি পাঠাগার স্থাপন করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইলিয়াছ, সন্দ্বীপ।