চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আমাদের দেশে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ছোট ছেলেমেয়েরা খেলার বশে অনেক সময় চলন্ত ট্রেনে পাথর, ঢিল ইত্যাদি নিক্ষেপ করে থাকে। তাদের এই শখের খেলার কারণে প্রায়ই অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দূরপাল্লার বাহন হিসেবে ট্রেনের গুরুত্ব অনেক। ট্রেনে কম সময়ে এবং অল্প খরচে অনেক দূরের গন্তব্যে স্বচ্ছন্দে ভ্রমণ করা যায়। এ জন্য অনেকে ট্রেনে ভ্রমণ করেন। কিন্তু চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অত্যধিক বেড়ে যাওয়ায় বর্তমানে ট্রেনে ভ্রমণের ব্যাপারে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ না নিলে এই আতঙ্ক দূর করা যাবে না। এ জন্য সবার আগে রেললাইন–সংলগ্ন এলাকার জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের প্রতিটি রেলস্টেশনের রেললাইনের দুই পাশ সীমানাপ্রাচীর দিয়ে ঘেরাও করার ব্যবস্থা করতে হবে। রেললাইন–সংলগ্ন এলাকায় রেল প্রহরীদের সংখ্যা বাড়াতে হবে।
এ ছাড়া চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের জন্য কঠোর শাস্তিমূলক আইন প্রণয়ন এবং অতি দ্রুত কার্যকর করার পদক্ষেপ নিতে হবে। জনগণের ইচ্ছাশক্তি এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমেই ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনা অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে।
উজ্জ্বল দাস পোদ্দার, ধানমন্ডি, ঢাকা।