পানামায় কনস্যুলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে ‘প্রবেশদ্বার’ পানামা খাল ঘিরে গড়ে ওঠা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রি ট্রেড জোন (মুক্তবাণিজ্য অঞ্চল) হচ্ছে পানামা। শুধু দুই মহাসাগরই নয়, উত্তর ও দক্ষিণ আমেরিকার মিলনস্থলে মিশেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশটির ভৌগোলিক সীমারেখা। সারা বিশ্বের মোট শিপিং ব্যবসার ২৫ শতাংশ এখন এদের হাতে। বাংলাদেশের স্বার্থে পানামায় তাই যত দ্রুত সম্ভব নিজস্ব অফিস তথা মিশন খোলা অত্যাবশ্যক বলে জানিয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অধীনে কোস্টারিকা, হন্ডুরাস, ইকুয়েডর, পানামাও রয়েছে। বাণিজ্যের সুযোগ নেওয়ার জন্য সেখানে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন করা জরুরি।
পানামায় ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও পাঁচটি সমুদ্রবন্দর রয়েছে, যেগুলোতে দেওয়া হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির সেরা সেবা। প্রতিবছর ১০০টি দেশের ১২ হাজার ৯০০ জাহাজ চলাচল করে থাকে পানামা খাল দিয়ে। পানামা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকে বিশ্বের শীর্ষস্থানীয় ৫৮টি যাত্রীবাহী এয়ারলাইনস। ১৫টি বৃহৎ আন্তর্জাতিক ব্যাংকের শাখা রয়েছে এখানকার ফ্রি ট্রেড অঞ্চলে। ব্যবসা-বাণিজ্যের জন্য চমকপ্রদ আরেকটি বিষয় হচ্ছে, ইউএস ডলারের সঙ্গে পানামার স্থানীয় মুদ্রার বিনিময় হার একেবারেই সমান, অর্থাৎ এক ডলার সমান এক বালবোয়া। ৪৫০ হেক্টরজুড়ে গড়ে ওঠা ফ্রি ট্রেড স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে আড়াই হাজার। মুক্তবাণিজ্য অঞ্চল হিসেবে যদিও হংকংয়ের অবস্থান ১ নম্বরে, কিন্তু ভৌগোলিক কারণে পৃথিবীর সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে পানামা। তাই সেখানে বাংলাদেশের কনস্যুলেট স্থাপন জরুরি।
মাঈনুল ইসলাম নাসিম
ইউরোপপ্রবাসী।