পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাধারণ জনগণের কোটি কোটি টাকায় চলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যার উদ্দেশ্য দেশের জনগণের উচ্চশিক্ষার পথ সুগম করা।
এসব বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত করে দেওয়ার ফলে কিছু বিশ্ববিদ্যালয় এখন এতটাই স্বৈরাচারী, অনিয়মের, দুর্নীতির আস্তানা হয়েছে যে এগুলো হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে।
এমনই এক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি অনিয়ম, দুর্নীতি, দলীয় নোংরা রাজনীতি, প্রশাসনের দুর্বলতা, আঞ্চলিক ছাত্র নামধারী সন্ত্রাসীদের হাতে এতটাই জিম্মি যে উচ্চশিক্ষার বদলে এটি এখন শিক্ষার্থীদের হতাশা তৈরির কারখানায় পরিণত হয়েছে। এখানকার বেশির ভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের, যাঁদের লক্ষ্য থাকে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও দেশের কাজে লাগবেন। কিন্তু এখানকার শিক্ষাবর্ষগুলো যেন ১৮ বা ২৪ মাস। এমনও বিভাগ আছে, যেখান থেকে বের হতেই চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। অনেক বিভাগে ব্যাচের সংখ্যা ৪-এর কাছে; ৭, ৮ এমনকি ৯-ও হয়ে পড়েছে। অথচ এসব ব্যাপার সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেন কোনো উদ্যোগ বা আগ্রহ নেই। প্রতিষ্ঠানটি যেন অভিভাবকহীন!
আজ হাজার হাজার শিক্ষার্থী ও তাঁদের পরিবার এতটাই হতাশ যে আল্লাহর কাছে দোয়া একটাই, কবে তাঁরা পড়া শেষ করে বের হবেন?
এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহেদ সিদ্দিকী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।