পাবলিক বিশ্ববিদ্যালয়ের খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের উচ্চশিক্ষা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করার সুযোগ রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এর মান নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এ থেকে অনেকাংশেই মুক্ত। বাংলাদেশের অধিকাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বাণিজ্যিক কারণে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এ কারণে মেধাবী দরিদ্র শিক্ষার্থীরা অধ্যয়ন করার সুযোগ থেকে বঞ্চিত হন।
এ কথা নিঃসন্দেহে বলা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেবল মেধাবীরাই অধ্যয়ন করে থাকেন। কিন্তু ইভনিং পার্টটাইম প্রফেশনাল, উইকেন্ড ইত্যাদির নাম করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামের নামে শিক্ষার্থীদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে, তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও হার মানিয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে৷ তাই নাগরিকের সর্বস্তরের মেধাবীদের স্বল্প খরচে উচ্চশিক্ষা প্রদান করা তাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামের নামে বিপুল অঙ্কের টাকার ফিরিস্তি ঘোষণা করেছে আর যেগুলোর এখনো ভর্তি কার্যক্রম শুরু হয়নি, তার প্রতিটি প্রোগ্রামের খরচ শিক্ষার্থীদের সাধ্যের আওতায় নিয়ে জাতির মেধাবিকাশের সুযোগ করে দেওয়ার আবেদন করছি।
বিষয়টির প্রতি আচার্যের দৃষ্টি আকর্ষণ করছি।


মো. তাজুল ইসলাম খান, ঢাকা।