চার লাইনের জংশন হিসেবে পরিচিত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন। কিন্তু এই রেলই যে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে, তা কিন্তু জানা ছিল না পার্বতীপুরবাসীর। পৌর শহরে যাতায়াতের জন্য রয়েছে একটিমাত্র রাস্তা। আর সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে পার্বতীপুরের দুঃখ হিসেবে পরিচিত লেভেল ক্রসিং বা রেলগেট!
দিনাজপুর, রংপুর ও সৈয়দপুরের সঙ্গে সংযুক্ত এই ব্যস্ত রেলগেটটি। দিনের অধিকাংশ সময় রেলগেটটি বন্ধ থাকায় প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীসহ সর্বসাধারণ। দুবার মন্ত্রী পেয়েও স্থায়ী সমাধান পায়নি উপজেলাবাসী।
স্থানীয় সরকার প্রশাসনসহ যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের কাছে সবিনয়ে আবেদন, প্রায় সাড়ে ৩ লাখ সুবিধাভোগী মানুষের কথা মাথায় রেখে অবিলম্বে রেলগেটটির ওপর দিয়ে ওভারব্রিজ নির্মাণ করা হোক। কিংবা বিকল্প কোনো স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হোক।
মো. সাব্বির রহমান, দিনাজপুর।