আজকের শিশু ভবিষ্যতের নাগরিক। সুস্থ সবলভাবে বেড়ে ওঠা শিশুর জন্মগত অধিকার। আর শিশুর এ অধিকার প্রতিষ্ঠার দায়দায়িত্ব আমাদের সবার। শিশুকে প্রাণঘাতী রোগ-বালাই থেকে রক্ষা করার জন্য জাতীয় টিকাদান কর্মসূচিতে রয়েছে বিভিন্ন প্রতিষেধক টিকা।
টিকাদান কর্মসূচি সফল হয়েছে বলেই আমরা ইতিমধ্যে পোলিওমুক্ত হওয়ার স্বীকৃতি পেয়েছি। সুখের বিষয় হচ্ছে, শিশুবান্ধব টিকাদান কর্মসূচিতে শিশুর জন্য আরও দুটি রোগের টিকা সংযোজিত হলো। পোলিও ও নিউমোনিয়া রোধে এ দুটি টিকা হলো নিউমোক্কাল ভ্যাক্সিন (পিসিডি), পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ভয়াবহ রোগ। প্রতিবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশুর জীবনপ্রদীপ অকালে নিভে যায়।
জাতীয় টিকাদান কর্মসূচিতে এ দুটি টিকার সংযোজন এক যুগান্তকারী পদক্ষেপ। নিউমোক্কাল এমন একটি রোগ, যা সাড়া বিশ্বে পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ শিশুর জীবন কেড়ে নিয়েছে, যার বেশির ভাগ ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে।
নিয়মিত টিকাদান কর্মসূচিতে এ দুটি টিকার সংযোজন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুমৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ২২ শতাংশই নিউমোনিয়ার কারণে।
এ রোগ থেকে আগামী প্রজন্মকে রক্ষার জন্য নিউমোক্কাল ভ্যাক্সিন ও পোলিও প্রতিরোধে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাক্সিন শিশুর জীবন রক্ষার আশার প্রদীপ।
আসুন, অন্যান্য প্রতিষেধক টিকাগুলোর মতো নির্ধারিত সময়ে উল্লিখিত টিকা দুটো শিশুর জন্য নিশ্চিত করি, সুস্থ সবল আগামী প্রজন্ম গড়ি।
শ্যামল চৌধুরী
নেত্রকোনা।