পুরোনো ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পরিবহন হিসেবে সারা বিশ্বে রেলওয়ের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন রেল একটি অবহেলিত খাত ছিল। উন্নয়নের পরিবর্তে দাতাদের পরামর্শে রেলওয়ের সেবা সংকুচিত করে আনা হয়েছিল। বর্তমান সরকারের আন্তরিকতা ও দূরদর্শিতার ফলে রেলওয়ে আবার নবজীবন লাভ করেছে। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বেশির ভাগ পথ ডাবল লাইন করে ফেলা হয়েছে।
রেলের যাত্রী ও পরিবহনসেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে ৭০টি ইঞ্জিন ও ২৭০টি কোচ সংগ্রহের কাজ চলছে। এর একটি বড় চালান এ বছরই রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে নতুন ট্রেন চালু করবে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চট্টগ্রাম থেকে যথাক্রমে দিনাজপুর, ময়মনসিংহ ও ঢাকা রুটে একটি করে নতুন ট্রেন চালু করার প্রস্তাব।
নতুন ট্রেন সার্ভিসের উদ্যোগকে রেলওয়ের একজন নিয়মিত যাত্রী হিসেবে স্বাগত জানাই। তবে এর আগে পুরোনো ট্রেনগুলোর অবস্থার উন্নয়ন করার অনুরোধ করব। এসব ট্রেন পূর্ণ শক্তি ও বহনক্ষমতা নিয়ে যদি চলাচল করতে পারে, তাহলে রেলের যেমন জ্বালানি সাশ্রয় হবে, তেমনি ট্রেনের আধিক্যের কারণে রুটের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হবে না।
নতুন বগি ও ইঞ্জিন দিয়ে নতুন রেল সার্ভিস চালু করার আগে এককালের জনপ্রিয় এসব ট্রেনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা উচিত। সেটা করা হলে মানুষ আরও উন্নত সেবা পাবে, সরকারও দ্রুত লক্ষ্য অর্জন করতে পারবে।
জয়দীপ দে, চট্টগ্রাম।