পুল শিক্ষকের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বমোট ২৭ হাজার ৭২০ জন প্রার্থী উত্তীর্ণ হলে তাঁদের মধ্যে ১২ হাজার ৭০১ জনকে স্থায়ী নিয়োগ প্রদান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাকি ১৫ হাজার ১৯ জনকে পুল শিক্ষক হিসেবে রাখা হয়। দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার পর মন্ত্রণালয় অবশেষে ২০১৪ সালে এক অদ্ভুত নীতিমালা জারি করে, যার নাম ‘পুল শিক্ষক নীতিমালা ২০১৪’।
এই নীতিমালায় কিছু অদ্ভুত শর্ত আরোপ করা হয়: ১. বেতন হবে মাসিক ছয় হাজার টাকা, ২. নিয়োগ হবে সর্বোচ্চ ছয় মাসের, ৩. ছুটি নেওয়া যাবে না, ৪. বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে মাসিক ভাতা থেকে দিনের বেতন কর্তন করা হবে, ৫. ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে, ৬. চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করা যাবে না, ৭. এই নিয়োগ শূন্য পদে নিয়োগ হিসেবে বিবেচিত হবে না। এ রকম আরও কিছু শর্ত দেওয়া হয়েছিল।
কিন্তু আমরা তো পুল শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিইনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম রাজস্ব খাতের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। তাহলে কেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের সঙ্গে এমন অমানবিক আচরণ করছে। এটা কোন নীতিতে পড়ে, তা আমাদের জানা নেই।
সম্প্রতি সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। এর আওতায় আমাদের সমযোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা পাবেন ২০ হাজার টাকা। অথচ পুল শিক্ষকেরা পাবেন মাত্র ছয় হাজার টাকা। বড় দুঃখের বিষয়, এই স্কেলে একজন পিয়ন পাবেন ১৫ হাজার টাকা, আর আমরা পাব সেই ছয় হাজার টাকা। এটা কোন গণতন্ত্র, সেটা জানার অধিকার কি আমাদের আছে!
মো. আবদুর রহিম, চিলমারী, কুড়িগ্রাম।