সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কারণে পদ শূন্য হয়। এ জন্য ২০১২ সালে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০১২ সালের ১৪ আগস্ট। এতে ২৭ হাজার ৭২৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে ১২ হাজার ৭০৪ জনকে নিয়োগ দেওয়া হয়। আর ১৫ হাজার ১৯ জনকে শিক্ষক পুলে রাখা হয়।
কিন্তু আমলাতান্ত্রিক কারণ দেখিয়ে পুল শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তারপর ২০১৩ সালের ডিসেম্বরে শিক্ষক পুলের ব্যাপারে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে শর্ত সাপেক্ষে। শিক্ষক পুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে মুচলেকা দিতে হবে ৩০০ টাকার স্ট্যাম্পে। তাতে লিখিত অঙ্গীকারনামা থাকতে হবে এ রকম যে তিনি কখনো চাকরি স্থায়ীকরণের দাবি করবেন না। মাসিক বেতন সাকেল্য ছয় হাজার টাকা, তাও আবার ভাতা ও অন্য সুযোগ-সুবিধা নেই। স্থায়ী কোনো পোস্টিংও পাবেন না তাঁরা।
সংশ্লিষ্ট উপজেলার যখন যে বিদ্যালয়ে শিক্ষক-সংকট থাকবে, তাঁকে সেখানে যেতে হবে, ক্লাস নিতে হবে—এমন অদ্ভুতুড়ে শর্তে শুধু শিক্ষকেরাই নন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিব্রত। জানামতে, এখন পর্যন্ত রামগতি উপজেলায় শর্ত সাপেক্ষে কোনো পুল শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এদিকে নিয়োগের আশায় অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে।
মো. মিলন রহমান
লক্ষ্মীপুর।