ভালো বা মন্দ সব জায়গায়ই আছে, তাই পুলিশ বিভাগও এর ব্যতিক্রম নয়। আইনশৃঙ্খলা রক্ষার কাজ পুলিশ বাহিনীর। ফলে আমাদের জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ অনুষঙ্গ হচ্ছে পুলিশ। অপরাধ দমনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে প্রযুক্তি ও আধুনিক যানবাহনের ব্যবহার বাড়ছে। অপরাধীরা তাদের অপরাধ সংঘটনের জন্য আধুনিক অস্ত্র, নানা ধরনের আধুনিক হাতিয়ারের সুযোগ যেমন পাচ্ছে, তেমনি আধুনিক যানবাহনের ব্যবহারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে।
কিন্তু এই দিক দিয়ে আজও আমাদের পুলিশ বাহিনী অনেক পিছিয়ে আছে। বিশেষ করে তাদের ব্যবহৃত গাড়ি, পিকআপ ভ্যান ইত্যাদি অত্যন্ত দুর্বল। এই রকম গাড়ি ব্যবহারে করে অপরাধীদের রাস্তায় তাড়া করে ধরা অসম্ভব, অকল্পনীয়।
তাই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পুলিশ বাহিনীর আধুনিকায়ন এবং তাদের উন্নত যানবাহন দেওয়া হোক। এর ফলে তাদের কাজের ক্ষেত্রে যেমন দক্ষতা বাড়বে, তেমনি বাড়বে মনোবল।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।