পুলিশের নিষ্ঠুর আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলী মডেল থানার পাশের ইমামবাড়ি রাস্তার অর্ধেকটা কেটে পয়োনিষ্কাশনের বড় পাইপ বসানোর কাজ চলছে কয়েক মাস যাবৎ। অনেক দিন রাস্তাটি বন্ধ থাকার পর এখন ভাঙাচোরা এ রাস্তাটা রিকশা চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
ঈদের পরদিন বিকেলে রিকশায় ছেলেদের নিয়ে কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারে ঈদের মেলায় যাচ্ছিলাম। আমাদের সামনে পুলিশের একটা নতুন গাড়ি যাচ্ছে। সামনের দিক থেকে আসা কয়েকটা রিকশা কোনোরকমে চেপে পাশে বড় গর্তের পাশে দাঁড়িয়ে থেকে গাড়িটিতে সাইড দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গর্তের জন্য সম্ভব হয়ে উঠছে না। রিকশা ওভারটেক করে পুলিশের গাড়িটা এ রাস্তায় চলা দায়। তার পরও গাড়ি সামনে এগিয়ে যাওয়ার ফলে রিকশার চাকায় লেগে গাড়ির এক পাশে কিছুটা রং উঠে যায়। এর জন্য রিকশাওয়ালাকে দায়ী করা যায় না।
তার পরও পুলিশের গাড়ির চালক নেমে এসে এমনভাবে রিকশাচালককে কিল-ঘুষি শুরু করলেন, যা দেখে আশপাশের সবাই হাঁ করে তাকিয়ে রইল। কয়েকজন প্রতিবাদ করতে এলে পুলিশ বলে ‘তাহলে আপনি টাকা দেন গাড়ি ঠিক করার।’ এর পরপরই আরেকজন সিপাহি লাঠি হাতে তেড়ে আসে মারা শুরু করে রিকশাচালকটিকে।
তারপর টেনে থানায় নিয়ে যায় তাঁকে। থানায় যাওয়ার সময় আরেকটা রিকশাকে পুলিশ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে যায়।
উপস্থিত সবাই পুলিশের এ আচরণে হতভম্ব হয়ে পড়ে। থানায় নিয়ে যাওয়া রিকশাচালকের কপালে শেষমেশ কী ঘটল, তা জানা যায়নি। তাই উপস্থিত সবাই পুরোপুরি অপরাধী না হয়েও শাস্তি পাওয়া রিকশাচালকের জন্য আফসোস করতে থাকে। কয়েক গজ সামনেই মডেল থানা। আমার ছোট ছেলে রিকশায় বসে বলে— ‘বাবা, পুলিশ মানুষকে এভাবে মারে?’
কামাল হোসেন
কেরানীগঞ্জ, ঢাকা।