কৃষি গবেষণায় আন্তর্জাতিক সংস্থা ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ‘বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন ২০১৪’ প্রকাশ করেছে।
বৈশ্বিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের পুষ্টি–পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। শিশুদের খর্বতা, কৃশতা, অতি ওজন এবং নারীদের রক্তস্বল্পতা কমানোর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে নেই। প্রতিবেদনটি ১৭ নভেম্বর প্রথম আলো পত্রিকায় পড়লাম।
এ দেশে এখনো অনেক মানুষের, বিশেষ করে যারা নিরক্ষর কিংবা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে, পুষ্টি সম্পর্কে তাদের ধারণা একেবারেই কম। আবার যারা ধারণা রাখে, তাদের মধ্যেও অনেকেরই তা পর্যাপ্ত নয়। এখন ফাস্ট ফুডকে প্রাধান্য দেয় তরুণ সমাজ।
পুষ্টিজ্ঞান নিয়ে অনেকেরই মাথাব্যথা নেই সে ক্ষেত্রে। রসনাবিলাসের জন্য ‘স্বাদ’কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন ‘করলা’ তেতো বলে অনেকেই তা এড়িয়ে চলতে পছন্দ করেন। ‘আমলকী’ টক বলে ‘আপেল’টাকেই সুস্বাদু হিসেবে বেছে নেন। ভেজাল খাবার আর ফরমালিনের দৌরাত্ম্যে সতেজ খাবার পাওয়াটা দিন দিন দুরূহ হয়ে পড়েছে। ‘তাজা মাছ’ শব্দটি দিনে দিনে লোভনীয় থেকে দুষ্প্রাপ্যে পরিণত হবে। যদি না আমরা ফরমালিনকে বিদায় জানাতে পারি।
আমাদের সবার বাড়ির আশপাশে কিছু জায়গা পড়ে থাকে। যেগুলো আমরা উদাসীনতার কারণে অনেক সময় ফেলে রেখে দিই।
যদি সেগুলোকে কাজে লাগানো যায় সবজি চাষের মাধ্যমে। কিংবা বাড়ির ছাদে টবে গাছ লাগিয়ে পেয়ারা খাওয়া যায়, তবে মন্দ কী? একদিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে, অন্যদিকে পুষ্টি পাওয়া যাবে সঠিকভাবে।
আমাদের শিক্ষকেরা যখন ‘পুষ্টি’ অধ্যায়টি পড়াবেন শ্রেণিকক্ষে, তখন পুষ্টি সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞানদান করতে হবে শিক্ষার্থীদের অতি গুরুত্বের সঙ্গে।
এ ছাড়া ‘বয়স্ক শিক্ষাকেন্দ্রে’ এসব বিষয় তুলে ধরা আবশ্যক। তা ছাড়া, গণমাধ্যমগুলোতে এর ওপর গুরুত্ব আরও বাড়াতে হবে।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।