পে-কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় পে-কমিশন ২০১৪ কর্তৃক সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনকাঠামোসহ কিছু প্রাথমিক সুপারিশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। জাতীয় পে-স্কেলের অধীনে দুই ধরনের কর্মচারী-কর্মকর্তা যথা পেনশনভোগী ও গ্র্যাচুইটি, পিএফ সুবিধাভোগী শ্রেণি রয়েছে।
পেনশন-সুবিধা বর্তমানে পাওয়া এক টাকার বদলে ২৩০ টাকা বৃদ্ধি করে ৩০০ টাকা করার প্রস্তাব থাকলেও নন-পেনশনভোগীদের গ্র্যাচুইটি ও পিএফ-সুবিধা বর্তমানে প্রাপ্ত প্রতিবছর চাকরি মেয়াদের জন্য দুটি ও ১০ শতাংশ মূল বেতনের সমপরিমাণ অর্থ বৃদ্ধি করে কতটি ও কত শতাংশ করা হবে, এ ধরনের কোনো প্রস্তাব প্রকাশিত প্রতিবেদনের সুপারিশমালায় নেই।
ফলে পেনশনভোগীরা আনন্দে উদ্বেলিত হলেও নন-পেনশনভোগী কর্মচারীরা চাকরি শেষে সম্ভাব্য বেতনবৈষম্য-আতঙ্কে হতাশাগ্রস্ত। সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সেক্টর করপোরেশনের উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোয় নন-পেনশনভুক্ত কর্মচারী কর্মরত আছেন বিধায় তাঁদের পেনশনের পরিবর্তে প্রাপ্ত গ্র্যাচুইটি ও ১০ শতাংশ পিএফ-সুবিধা পেনশনভোগীদের মতো বর্ধিত না হলে তাঁরা চাকরি শেষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় পেনশনসুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নন-পেনশনভোগীদের গ্র্যাচুইটি ও পিএফ-সুবিধা আনুপাতিক হারে বাড়িয়ে পে-কমিশন প্রতিবেদন চূড়ান্ত না করলে শিল্পকারখানায় উৎপাদনশীলতা হ্রাস পেয়ে ৭ শতাংশ জাতীয় প্রবৃদ্ধি অর্জন দুরূহ হয়ে পড়বে।
এ অবস্থায় ভিন্ন ভিন্ন সুবিধাভোগী শ্রেণির মধ্যে বেতনবৈষম্য নিরসনসহ উভয় শ্রেণির মধ্যে সমতা বজায় রাখার নিমিত্তে নন-পেনশন শ্রেণির অবসরসুবিধা গ্র্যাচুইটি ও ১০ শতাংশ কন্ট্রিবিউটরি পিএফ বর্ধিতকরণের প্রস্তাব পেশ করছি। অথবা পেনশনভোগী ও নন-পেনশনভোগী সবাইকে একই দলে এনে স্থায়ীভাবে সমতা বজায়ের লক্ষ্যে জাতীয় পে-কমিশন প্রতিবেদন প্রদানের জন্য কমিশন চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি।
সাইফুদ্দীন ফারুকী
আশুগঞ্জ সার কারখানা।