পেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের নবম পে–স্কেলে চাকরিরত মানুষদের বেতন বাড়ানো হলো প্রায় শতভাগ, অথচ পুরোনো পেনশনভোগীদের নিট পেনশন মাত্র ৪০-৫০ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত হিসাবে দেখা যায়, ১০-১২ বছর বা তারও আগে অবসর গ্রহণ করা পেনশনভোগী মানুষেরা যে পেনশন পায়, তা সদ্য অবসর গ্রহণকারীদের নিট-পেনশনের এক– তৃতীয়াংশ মাত্র।
বার্ষিক বেতন বৃদ্ধিজনিত বৈষম্যের কারণে এটা প্রতিবছর বাড়তে বাড়তে এক–চতুর্থাংশে পরিণত হবে। এর ফলে জীবনসায়াহ্নে তথা বেলা শেষে এসে তারা মনঃকষ্টে ও অর্থকষ্টে ভুগছেন, সাংসারিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। মুদ্রাস্ফীতি ও বাজারদর সবার ক্ষেত্রে সমভাবে প্রভাব ফেলে বলে বার্ষিক ক্ষতিপূরণবিহীন নিট পেনশনের বাজারমূল্য ক্রমেই কমতে থাকে!
ফলে চাকরিরতদের বছর বছর বেতন বাড়ে, কিন্তু পেনশনভোগীদের নিট পেনশনের বাজারমূল্য বছর বছর কমতেই থাকে। এ ছাড়া যাঁরা ১০০ ভাগ পেনশন সমর্পণ করেছেন, তঁাদের মানবিক কারণে ১০ বছর পর পেনশন দেওয়া উচিত। কারণ উক্ত সময়ে ৫০ শতাংশ পেনশনের বিনিময়ে গৃহীত টাকার দেড় গুণের বেশি অর্থ পরিশোধ হয়ে যায়। তাঁদের জীবিতাবস্থায় চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হলেও মৃত্যুর পর স্ত্রী/স্বামীকে অজ্ঞাত কারণে এসব ভাতা দেওয়া হচ্ছে না।
এই বিবেচনায় ১০০ ভাগ পেনশন সমর্পণকারীদের অবসরের মেয়াদ ১০ বছর পূর্তিতে পেনশনের আওতায় আনা দরকার। ১ জুলাই ২০১৫ থেকে সর্বনিম্ন নিট পেনশন ৫ হাজার টাকা করা হোক, তা ছাড়া সব শ্রেণির পেনশনভোগীদের ৩০ জুন ২০১৫-তে প্রাপ্ত নিট পেনশন দ্বিগুণ ও ৬৫ বছর বয়স পূর্তিতে তিন গুণ করার অনুরোধ জানাচ্ছি।
আহসান উল্লাহ্
চট্টগ্রাম।