গত ৯ নভেম্বর প্রথম আলো পত্রিকার চিঠিপত্র কলামে ‘পে-কমিশন’ শিরোনামে একটি চিঠি প্রকাশিত হয়। এতে পেনশনভোগী এবং গ্রাচ্যুইটি/পিএফভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসর-উত্তর পাওনার বৈষম্যের ওপর আলোকপাত করা হয়েছে।
একজন ভুক্তভোগী হিসেবে এর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় পেনশনভুক্ত চাকরিজীবীদের অবসরকালীন আনুতোষিক বৃদ্ধি করা হয়েছে, যা ইতিমধ্যে কার্যকরও হয়েছে।
কিন্তু ওই প্রজ্ঞাপন এবং পে-কমিশন ২০১৪-এর সাম্প্রতিক সুপারিশমালায় গ্রাচ্যুইটি/পিএফভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচ্যুইটি বৃদ্ধির ব্যাপারে কিছু বলা হয়নি। ফলে সরকারের বিভিন্ন সেক্টর, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত নন-পেনশনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সীমাহীন হতাশা বিরাজ করছে।
বর্তমান নিয়মে গ্রাচ্যুইটিভুক্ত চাকরিজীবীরা প্রতিবছর চাকরির জন্য দুই মাসের মূল বেতন ও পিএফ হিসেবে জমাকৃত অর্থ পাবেন।
এতে দেখা যায়, একই সময়ে চাকরিতে যোগদান করে অবসরের সময় একজন নন-পেনশনভুক্ত চাকরিজীবী পেনশনভুক্ত চাকরিজীবীর চেয়ে গ্রেডভেদে ১০ লাখ টাকা পর্যন্ত কম পাবেন। একসঙ্গে চাকরিতে যোগদান করে সহকর্মীর চেয়ে এত টাকা কম পাওয়া খুবই বেদনাদায়ক।
এমতাবস্থায়, মানবিক কারণে গ্রাচ্যুইটির পরিমাণ প্রতিবছর চাকরির জন্য তিন মাসের মূল বেতন নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। একই সঙ্গে পেনশনভুক্তদের মতো নন-পেনশনভুক্তদেরও অবসরে চিকিৎসা ভাতা এবং উৎসব বোনাস প্রদানের অনুরোধ করছি।
ভাগবত কুমার সাহ
ঢাকা।