পেনশন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে নতুন পে-স্কেলে বেতন নির্ধারণকালে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন মাত্র ১০ শতাংশ বাড়ত। ওই সময় দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। কিন্তু এখন দ্রব্যসামগ্রীর দাম যেভাবে বাড়ছে, সামান্য পেনশন দিয়ে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের চলা কঠিন হয়ে পড়েছে।
যা হোক, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ব্যাপারটা অনুধাবন করে গতবার পে-স্কেল দেওয়ার সময় পেনশনারদের পেনশন ৫০ শতাংশ বৃদ্ধির বিবেচনা করেন। এ জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, যাঁরা ২০ বছর বা তার আগে অবসর নিয়েছেন, তাঁদের তখনকার পে-স্কেল এখন পাঁচ-ছয় গুণে দাঁড়িয়েছে। যাঁরা কর্মক্ষেত্রে আছেন, তাঁরা পেনশনারদের পাঁচ-ছয় গুণ বেশি বেতন পান। অর্থাৎ একজন কর্মরত ব্যক্তির পাঁচ-ছয় ভাগের এক ভাগ ২০ বছর আগে অবসরপ্রাপ্ত একজন লোকের পেনশন।
সময়ের বিবর্তনে আজকাল আগের মতো বৃদ্ধ মা-বাবার ব্যয়ভার ছেলেমেয়েরা বহন করতে পারছে না। তাই পেনশনারদের এই জটিল অবস্থা বিবেচনা করে তাঁদের দিকে সরকারের দৃষ্টিদান সময়ের দাবি। বেতনকাঠামো উচ্চস্তরে নির্ধারিত হলে একজন পেনশনারের পেনশনও ওই স্তরে নির্ধারিত হওয়া যুক্তিযুক্ত।
অবসরে যাওয়ার সময় একজন পেনশনারকে তাঁর বেতনের অর্ধেকের ওপর সরকার গ্র্যাচুইটি মঞ্জুর করে। এখন নতুন বেতনকাঠামোতে চাকরিরত সমপর্যায়ের একজন লোক স্কেলের প্রারম্ভিক স্তরে যে বেতন পান, পেনশনার তার অর্ধেক পেনশন হিসেবে দাবি করতে পারেন, যা ন্যায়সংগত।
এই অবস্থায় আসন্ন বেতন কমিশনের সুপারিশ বিবেচনার সময় পেনশনারদের পেনশন তাঁদের সমপর্যায়ে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য বেতনকাঠামো অনুসারে ৫০ শতাংশ বৃদ্ধিতে সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মনির আহমেদ চৌধুরী
অবসরপ্রাপ্ত সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়।