যাঁরা আগে অবসরে গিয়েছেন এবং বড় অঙ্কের পেনশন পাননি, তাঁদের অনেকে শেষ বয়সে এসে পেনশনভোগীর সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল ছিলেন। সরকার বর্তমানে পেনশনভোগীর সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দেওয়ায় অনেক অবসরপ্রাপ্ত সঞ্চয়পত্রধারীর পথে বসার উপক্রম হয়েছে। কেননা, জীবনসায়াহ্নে এসে অন্য কোনো আয় বা ভরণপোষণের বিকল্প ব্যবস্থা তাঁদের অধিকাংশেরই নেই।
বর্তমানে বাজারদর ঊর্ধ্বমুখী, তা ছাড়া অনেককেই বাসা ভাড়া করে বসবাস করতে হয়। বাজারের যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সন্তানদের পক্ষে মা-বাবা ও পরিবার-পরিজনের ভরণপোষণ ও অন্যান্য ব্যয়ভার নির্বাহ করা কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় তিন-চারজন বা ততোধিক সদস্য নিয়ে পেনশনভোগীদের খুবই সমস্যায় দিনাতিপাত করতে হচ্ছে। এ অবস্থায় পেনশনভোগীর সঞ্চয়পত্রের মুনাফার হার কমপক্ষে ১৩ শতাংশে উন্নীত করা উচিত। যাঁরা সম্পূর্ণ পেনশন সমর্পণ করেছেন, তাঁদের উৎসব ও নববর্ষ ভাতা পেনশনভোগীদের সমান করা উচিত।
মুহাম্মদ দেলাওয়ার হোসেন
চট্টগ্রাম।