পেনশনভোগীদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ থেকে ২০১৩ সাল—এই দীর্ঘ সময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবসম্মত ও সময়ানুগ করার জন্য বারবার গঠিত হয়েছে পে-কমিশন। সর্বশেষ পে-কমিশনের সুপারিশ ২০১৫ সালের ১ জুলাই থেকে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়।
সবগুলো পে-কমিশনই চাকরিরত ব্যক্তিদের নিয়ে বেশি ভাবনাচিন্তা করেছে। অবসরভোগীদের নিয়ে কিছু ভাবেনি। তাই হতভাগ্য অবসরভোগীদের কয়েকটি সমস্যার প্রতি বর্তমান পে-কমিশনের সদস্যরা ও বিশেষ করে সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি:
১। অবসরভোগীদের কোনোরূপ বাড়িভাড়া ভাতা দেওয়া হয় না। এতে আমরা নানা রকম সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছি।
২। মহার্ঘ ভাতা ঘোষণার সময় শতকরা হারে প্রাপ্ত অর্থের পরিমাণ যেন অযৌক্তিক না হয়, সে জন্য সর্বনিম্ন ভাতার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। পেনশনভোগীদের জন্য এ ধরনের ব্যবস্থা না থাকায় প্রাপ্ত অর্থের পরিমাণ হাস্যকর হয়ে পড়ে।
৩। চিকিৎসকেরা প্রায়ই বলে থাকেন, মানুষ ৪০ থেকে ৪৫ বছরের পরে জটিল রোগে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধক্ষমতা, চিকিৎসা ব্যয়ও বাড়ে। অবসরভোগী প্রায় প্রত্যেকেই ব্যয়বহুল জটিল ডায়াবেটিস, হৃদ্রোগ কিংবা উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাই পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর আবেদন জানাচ্ছি।
৪। চাকরিরত ব্যক্তিদের সন্তানের জন্য শিক্ষা ভাতা প্রচলন করা হলেও অবসরভোগীদের সন্তানের জন্য শিক্ষা ভাতার প্রচলন নেই। অথচ অনেকেরই রয়েছে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়ে। আবার তাঁরা অবসরভোগী মানুষটির ওপরই নির্ভরশীল। সুতরাং বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।
বর্তমান পে-কমিশনের সভাপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সরকারি চাকরিরত ব্যক্তিদের প্রদত্ত বিভিন্ন ভাতা যৌক্তিকীকরণ ছাড়াও স্বাস্থ্যবিমা, জীবনবিমা, দুর্ঘটনাজনিত বিমা, ২০ জনের জন্য একটি প্লট, মুঠোফোনের জন্য আর্থিক সুবিধা এবং রেশন-সুবিধার সুপারিশ করবে। এসব সুবিধার মধ্যে রেশন-সুবিধা, পেনশনকে আয়করমুক্ত করা যৌথভাবে প্লট দেওয়াসহ নানাবিধ কার্যক্রমে সংযুক্ত করার বিষয় বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।
মো. আবদুল মতিন, দক্ষিণ দনিয়া, ঢাকা।