পৃথিবীর উন্নত, স্বল্পোন্নত, উন্নয়নশীল কিংবা অনুন্নত যেকোনো দেশেই প্রবীণেরা শেষ বয়সে স্বজনদের দ্বারা অবহেলার শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য হন। কোনো কোনো দেশে শুধু এ কারণে প্রবীণ বয়সে আত্মহত্যার প্রবণতার হারও যথেষ্ট লক্ষণীয়। তবে সরকার কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছরে উন্নীত করেছে। কর্মরত অবস্থায় পক্ষাঘাত ও মৃত্যুজনিত দুঃসময়ে চাকরিজীবীদের জন্য দাফন-কাফনসহ এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা প্রবর্তন করে চাকরিজীবীদের তথা চাকরিজীবী পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসব কাজের জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত।
অষ্টম জাতীয় বেতন স্কেলের কাঠামোতে দেখা গেছে, বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ ছাড়াও পেনশনভোগীদের জন্যও ৪০ শতাংশ বেতন বৃদ্ধিসহ চিকিৎসা ভাতা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হবে (যা এখন বাস্তবায়নের অপেক্ষায়)।
এ সরকারের আমলে প্রদত্ত সমুদয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সেই চাকরিজীবীরাই বর্তমান পেনশনভোগী। একজন চাকরিজীবীর উপার্জনের ধারা হঠাৎ করে এক-চতুর্থাংশের নিচে নেমে যাওয়ায় অনেক সময় পরিবারের কাছেও পেনশনভোগীদের সম্মানের অবনতি ঘটে। রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে সরকারের কাছ থেকে আমরা শেষ জীবনে সম্মানজনক জীবন চাই।
ডা. প্রদীপ দেওয়ান, খাগড়াছড়ি।