পেনশনভোগীদের বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ ১৫টি সাংবিধানিক পদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রায় একই হারে বৃদ্ধি করা হয়েছে। ব্যতিক্রম শুধু পেনশনভোগীরা।
এর আগে সরকার জীবনযাত্রার মান ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চাকরিজীবীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশনের ওপর ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করে। কিন্তু নতুন বেতন স্কেলে চাকরিজীবীদের বেতন ৯৫ শতাংশ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বাড়লেও অবসরপ্রাপ্তদের, অর্থাৎ যাঁরা সপ্তম বেতন স্কেলে অবসরে গেছেন, তাঁদের পেনশন বাড়বে মাত্র ৪০ শতাংশ। পঞ্চম ও ষষ্ঠ বেতন স্কেলে অবসর নেওয়া মানুষের বেলায় এই বৈষম্য আরও অনেক বেশি।
উদাহরণস্বরূপ বলা যায়, একজন মন্ত্রিপরিষদ সচিব ১০ বছর আগে অবসরে গিয়ে থাকলে এখন পেনশন পাবেন ১৬ হাজার ৮৭৫ টাকা, ছয় বছর আগে অবসর নিলে পাবেন ২০ হাজার ৭০০ টাকা, এই বছরের ১ জুলাইয়ের আগে অবসরে গেলে পাবেন ২২ হাজার ৪০০ টাকা এবং সেদিন অবসরে গেলে পাবেন ৩৬ হাজার ৯০০ টাকা। কেন এই বৈষম্য?
এ অবস্থায় সমতা ও ন্যায়নীতির স্বার্থে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন যথাক্রমে ২১২ শতাংশ, ১৫৮ শতাংশ এবং ১২৬ শতাংশ হারে বাড়ানো উচিত। যাঁরা ১০ বছর বা তার বেশি সময় আগে অবসর গ্রহণ করে শতভাগ পেনশন সমর্পণ করেছেন, তাঁদের আবার পেনশনের আওতায় আনা উচিত।
ওয়াহিদুল ইসলাম, ঢাকা।