জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১০১ শতাংশ পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। অথচ শুভংকরের ফাঁকিতে ফেলে পেনশনভোগীদের দেওয়া হয়েছে শতকরা ১৬ টাকা মাত্র।
ধরা যাক, দুজন ব্যক্তির প্রত্যেকের মাসিক বেতন ১০০ টাকা। প্রথম ব্যক্তি ৩০ জুনের মধ্যে (২০১৫) কোনো একদিন অবসরে গেলেন। পুরোনো নিয়মে ৪০ শতাংশ হারে তাঁর নিট পেনশন নির্ধারিত হবে ৪০ টাকা। নতুন নিয়মে তাঁর পেনশন বৃদ্ধি পাবে পেনশনের ৪০ শতাংশ, অর্থাৎ ১৬ টাকা, যা তাঁর মূল বেতন ১০০ টাকার ১৬ শতাংশ বটে। এই বৃদ্ধিসহ তিনি মোট পেনশন পাচ্ছেন ৪০+১৬ = ৫৬ টাকা।
আর দ্বিতীয় ব্যক্তি জুলাই মাসের পর (২০১৫) কোনো এক সময়ে অবসরে গেলেন। প্রথমে তাঁর পেনশন নির্ধারিত হবে এভাবে: মূল বেতন ১০০ টাকা + বর্ধিত বেতন ১০১ টাকা = ২০১ টাকা। নতুন নিয়মে ৪৫ শতাংশ হারে তাঁর নিট পেনশন হবে টাকা ৯৪.৫০।
তাঁরা উভয়ে সমসাময়িক ও একই গ্রেডভুক্ত হওয়া সত্ত্বেও এই বৈষম্য করা হচ্ছে, যা অনুচিত। যাঁরা পরে অবসরে যাবেন, তাঁরা বেশি সুযোগ-সুবিধা পাবেন, তা ঠিক। কিন্তু ব্যবধানটা এত বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। নতুন জাতীয় বেতনস্কেলের ভিত্তিতে তাঁদের পেনশন পুনর্নির্ধারণের ব্যবস্থা করা হলে এ রকম বৈষম্য বা দুর্দশা হতো না।
এ এস এম হাফিজুল্লাহ
ঢাকা।