সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্টার্ড প্রাইমারি বিদ্যালয়ে ২০১০ সালে সহকারী শিক্ষক পদের জন্য আমার মতো অনেকেই আবেদন করেছিলেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ০৯-১২-২০১১ তারিখে। প্রকাশিত ফলাফলে ৪৪ হাজার প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এঁদের মধ্যে ২৩ হাজার প্রার্থীকে সরকার নিয়োগ দেয় এবং বাকি প্রার্থীদের প্যানেল আকারে রেখে দেয় পরবর্তী পাঁচ বছরের জন্য। আমরা সবাই আশায় ছিলাম যে সরকারি একটা নিয়োগ পাব।
অথচ বিদ্যালয়গুলো সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বঞ্চিত হলাম। কেন? এখানে অনেক দক্ষ ও অভিজ্ঞ মাস্টার্স ডিগ্রিধারী রয়েছেন, যাঁদের বয়স ৩০ বছর পেরিয়ে গেছে। সরকার নতুনভাবে নিয়োগ না দিয়ে যদি প্যানেল শিক্ষকদের নিয়োগ দেয়, তাহলে আমরা সবাই উপকৃত হব এবং সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব।
সরকার যেন শিগগির প্যানেল কার্যকর করে আমাদের নিয়োগ দেয়, সে আবেদন করছি।
মো. মাহদুল ইসলাম, লালমনিরহাট।