প্যানেল শিক্ষকদের ভবিষ্যৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে সরকার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে (সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়) শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০১২ সালে সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়, যেখানে ৪২ হাজার ৬১১ জনকে মেধাতালিকা অনুযায়ী উত্তীর্ণ করে উপজেলাভিত্তিক নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত করা হয়। যার মধ্যে প্রায় ১৫ হাজার শিক্ষককে আইনের ব্যত্যয় ঘটিয়ে ইউনিয়নভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। যাতে প্রথম দিক থেকেও অনেক শিক্ষক নিয়োগবঞ্চিত হন। অবশিষ্ট প্রায় ২৬ হাজার শিক্ষক জাতীয়করণের পর থেকে এখন পর্যন্ত নিয়োগবঞ্চিত।
আপনারা অবগত আছেন যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদের নিয়োগের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়ায় নিরুপায় হয়ে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হই। আমরা ২০১৪ সালের ১৮ জুন রিট পিটিশন (নম্বর ৮৭৫৮/২০১২) দাখিল করি। মাননীয় বিচারপতি ফারাহ্ মাহবুব ও কাজী ইজাহারুল আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ কার্যদিবসের মধ্যে নিয়োগ প্রদানের আদেশ দিলে সংশ্লি­ষ্ট মন্ত্রণালয় ওই আদেশের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল ২০১৫ সালের ৭ মে প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হয় এবং হাইকোর্টের রায় বহাল থাকে। এ ছাড়া ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ২৬৮ জন, ২০১৫ সালের ৮ জুলাইয়ে ২৩১ জন ও সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর ৩৬৭টি রিট পিটিশন একত্র করে
প্রায় ১০ হাজার শিক্ষকের পক্ষে নিয়োগের জন্য এক ঐতিহাসিক রায় প্রদান করেন মাননীয় বিচারপতি ফারাহ্ মাহবুবের সমন্বয়ে গঠিত
দ্বৈত বেঞ্চ।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে রায় বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি, যে কারণে আমরা হতাশ হয়ে পড়েছি। আশা করি, তারা অবিলম্বে পদক্ষেপ নেবে।
মেহেদী মাসুদ
প্যানেল শিক্ষক, পটুয়াখালী।