বহুল আকাঙ্ক্ষিত প্যারামেডিকেল শিক্ষা বোর্ডের খসড়া আইন শিগগিরই বাস্তবায়ন হতে যাচ্ছে। এই আইনটি প্রবর্তনের মধ্য দিয়ে অনেক বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাবে। কিন্তু আইনের খসড়ায় গুরুত্বপূর্ণ কিছু ত্রুটি দেখা গেছে, যা পরে অনেক ঝামেলার সৃষ্টি করবে:
১. আইনের ২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদের ক নম্বর কলাম অনুসারে বোর্ডের নাম ‘প্যারামেডিকেল শিক্ষা বোর্ড’, অথচ প্যারামেডিকেল শব্দটি যথেষ্ট সেকেলে এবং বোর্ডের নামের ব্যাপারেও যথেষ্ট মতবিরোধ আছে। যেহেতু বোর্ডের অধীনে সব স্বাস্থ্য ও চিকিৎসা প্রযুক্তিসংক্রান্ত বিষয় পড়ানো হবে, সেহেতু ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ বা ‘বাংলাদেশ হেলথ/মেডিকেল টেকনোলজি বোর্ড’ অথবা ‘চিকিৎসা প্রযুক্তি শিক্ষা বোর্ড’ নাম খুবই মানানসই হবে আশা করি।
২. বর্তমানে চিকিৎসা প্রযুক্তিসংক্রান্ত বিষয়সমূহ ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ’ ও ‘ফার্মেসি কাউন্সিল’ কর্তৃক পরিচালিত হয়। কিন্তু আইন বাস্তবায়িত হলে ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ’ ও ‘ফার্মেসি কাউন্সিল’-এর অবস্থান কী হবে তা পরিষ্কার করা হয়নি। উল্লেখ্য, ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ’-এর অর্থ তহবিল বোর্ড এর অধিভুক্ত হবে বলে উল্লিখিত হয়েছে।
৩. বর্তমানে ‘ফার্মেসি কাউন্সিল’-এর অধীনে প্রতিটি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে ‘ডিপ্লোমা ইন ফার্মেসি’ কোর্স চালু রয়েছে। কিন্তু আইনে বোর্ডের অধীন এ রকম কোর্সের উল্লেখ নেই। ফলে ডিপ্লোমা ফার্মাসিস্টরাও বোর্ড জটিলতার শিকার হচ্ছে।
উল্লিখিত সমস্যা ছাড়া আরও কিছু সমস্যা রয়ে গেছে। আইন চালু করার আগে এসব সংশোধন করে নেওয়া উচিত।
জুয়েল দাশ গুপ্ত, ঢাকা।